আওয়ামী লীগ জনগণ ও শিক্ষা প্রতিষ্ঠানকে জিম্মি করে লুটপাটের স্বর্গরাজ্য তৈরি করেছে —এমন মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, আওয়ামী লীগ কখনো সুষ্ঠু নির্বাচন করে ক্ষমতায় আসেনি। বরং লুটপাট, গুম ও খুনের মাধ্যমে ক্ষমতা দখল করেছে।

আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া রাম রতন বহুমুখী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্য শেষে তিনি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

এ্যানি বলেন, আওয়ামী লীগ কখনো জনগণের ভোটে নির্বাচিত হয়নি। তারা কখনো জনগণের ভোটে জনপ্রতিনিধি হয়ে কথা বলার চেষ্টাও করেনি। নির্বাচনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে জিম্মি করেছে।

তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে সাধারণ মানুষের গভীর সম্পর্ক ছিল। বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রী, যিনি সবসময় দেশের মানুষের কথা ভেবেছেন। তারেক রহমানের নেতৃত্বেও জনগণ ভরসা খুঁজে পাচ্ছে।

শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, তারেক রহমান ও বিএনপি শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা করতে চায়। এই অধিকার প্রতিষ্ঠা বিএনপির পক্ষেই সম্ভব।

অনুষ্ঠানটি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এম বেল্লাল হোসেন সভাপতিত্ব করেন এবং প্রধান শিক্ষক মো. হানিফ অনুষ্ঠান সঞ্চালনা করেন।