দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ ও ভারত বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। চ্যালেঞ্জ মোকাবেলায় রয়েছে একসঙ্গে কাজ করার প্রয়োজনীয়তা। রোববার (১৬ ফেব্রুয়ারি) ৮ম ইন্ডিয়ান ওশান সম্মেলনের (আইওসি) সাইডলাইনে অনুষ্ঠিত সাক্ষাতে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর এসব বিষয়ে আলোচনা করেছেন।

এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সাক্ষাতে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থ ও উদ্বেগের বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। সাক্ষাতে উভয় পক্ষ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের বৈঠক ১৮-২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে উল্লেখ করেন। এ বৈঠকে বিভিন্ন সীমান্ত সংক্রান্ত বিষয়ে আলোচনা ও সমাধান করা হবে বলে তারা আশা প্রকাশ করেন।

বিবৃতি অনুযায়ী, সাক্ষাতে দুই পক্ষই উল্লেখ করেন যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে প্রতিবেশী দুই দেশ বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় একসঙ্গে কাজ করার প্রয়োজনীয়তা সম্পর্কে সাক্ষাতে আলোচনা করেন তারা।

পররাষ্ট্র উপদেষ্টা গঙ্গা নদীর পানি চুক্তির নবায়নের বিষয়ে আলোচনা শুরু করার গুরুত্বের ওপর জোর দেন। এছাড়া তিনি সার্ক স্থায়ী কমিটির বৈঠক আয়োজনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন এবং এ বিষয়ে ভারত সরকারকে বিবেচনার অনুরোধ জানান।