বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় গ্রেফতার তিন পুলিশ সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
গ্রেফতার হওয়া তিন পুলিশ সদস্য হলেন- চানখারপুল এলাকার ঘটনায় শাহবাগ থানার তৎকালীন ওসি অপারেশন্স মোহাম্মদ আরশাদ হোসেন, মিরপুরের ঘটনায় এডিসি মইনুল ইসলাম এবং রামপুরা বাড্ডার ঘটনায় এসআই চঞ্চল কুমার।
আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন। ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষে শুনানি করেন প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ ও গাজী মনোয়ার হোসেন তামিম।
এ সময় উপস্থিত ছিলেন প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার, আব্দুল্লাহ আল নোমান, ব্যারিস্টার মইনুল করিম ও সাইমুম রেজা।










