বাংলাদেশে শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা প্রতিষ্ঠা নিয়ে ভারতের সঙ্গে যুগপৎভাবে কাজ করছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ বিষয়ে ভারতসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের সঙ্গেও আলোচনা করছে দেশটি।
গত বুধবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমুখপাত্র বেদান্ত প্যাটেল এ তথ্য জানান।
বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি, মানবাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার বিষয়ে অগ্রগতি জানতে চাইলে বেদান্ত প্যাটেল বলেন, ‘বাংলাদেশের বিষয়ে, সাম্প্রতিক ঘটনা নিয়ে আলোচনা করার জন্য আমরা আমাদের ভারতীয় অংশীদারদের পাশাপাশি এ অঞ্চলের অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ করেছি। আমি ব্যক্তিগত কূটনৈতিক আলোচনায় যাচ্ছি না, তবে আমরা বাংলাদেশে সহিংসতার অবসানের পাশাপাশি জবাবদিহি ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধার জন্য চাপ প্রয়োগ অব্যাহত রেখেছি।’










