গতকাল জুমার নামাজের পর বেলা ২টার দিকে ‘মিরপুরের সর্বস্তরের বিপ্লবী ছাত্র-জনতা’র ব্যানারে কয়েকশ মানুষ মিছিল নিয়ে মিরপুর-১০ গোলচত্বরে এসে বিক্ষোভ করেন।

এ সময় তারা শিশু রামিসা হত্যার দ্রুত বিচারের দাবি জানান। এছাড়া চাঁদাবাজি বন্ধ ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিও জানান। বিক্ষোভ চলাকালে মিরপুর-১০ গোলচত্বর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দেড় ঘণ্টা পর বেলা সাড়ে ৩টার দিকে আন্দোলনকারীরা সড়ক ছেড়ে দেন।

ডিএমপি ট্রাফিকের মিরপুর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) পরিত্রাণ তালুকদার জানান, কয়েকশ মানুষ শিশু রামিসা হত্যার বিচার দাবিতে মিরপুর-১০ গোলচত্বরে এসে বিক্ষোভ করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বেলা সাড়ে ৩টার দিকে তারা সড়ক ছেড়ে দেন।

এর আগে বেলা সোয়া ২টা থেকে শিশুটির বাসার কাছে মানববন্ধনের আয়োজন করে বি-১১ সমাজকল্যাণ যুব সংগঠন এবং শিশুটি যে স্কুলে পড়াশোনা করত, সেই স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা। মানববন্ধনে আয়োজকদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নেন।

এছাড়া আরো কয়েকটি সংগঠন দুপুরের পর একই দাবিতে মিরপুরের বিভিন্ন সড়কে মিছিল করে। একই দাবিতে গতকাল সকালে রাজধানীর গুলশান-২ গোলচত্বরে মানববন্ধন করে গুলশান সোসাইটি। গুলশান সোসাইটির মহাসচিব মজিবুর রহমান মৃধার নেতৃত্বে এ মানববন্ধনে অংশ নেন সোসাইটির সদস্যসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

গত মঙ্গলবার পল্লবীর মিল্লাত ক্যাম্পসংলগ্ন একটি ভবনে সাত বছর বয়সী রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যা করে প্রতিবেশী সোহেল রানা। এ ঘটনায় মূল অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। সোহেল রানা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে।

রামিসার ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার দাবিতে ভিডিও বার্তা পাঠিয়েছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড়রা। সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে বর্তমানে ভারতের গোয়ায় অবস্থান করা নারী ফুটবল দলের খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা, মারিয়া মান্দা, অর্পিতা বিশ্বাস, আনিকা রানিয়া সিদ্দিকী শিশু রামিসার হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে এর দ্রুত ও কঠোর শাস্তির দাবি জানান।

বিক্ষোভ সমাবেশ করেছে ধর্ষণবিরোধী নাগরিক নেটওয়ার্ক। গতকাল বিকাল সাড়ে ৪টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশ হয়।

সমাবেশে পল্লবীর শিশুর নৃশংসভাবে হত্যার বিচারসহ দেশের সব ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার দ্রুততম সময়ের মধ্যে করার আহ্বান জানানো হয়। পাশাপাশি ধর্ষণের বিরুদ্ধে দেশের আইন ও বিচার ব্যবস্থাকে আরো কঠোর করার দাবি জানান বক্তারা। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

দলটির শীর্ষস্থানীয় নেতারা বলেছেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। সামাজিক অবক্ষয় ও আইনের দুর্বল প্রয়োগের কারণে অপরাধীরা বারবার এমন জঘন্য অপরাধ করার সাহস পাচ্ছে।

শিশুটিকে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সারা দেশে শিশু ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে গতকাল মিরপুর সাড়ে ১১ নম্বরে বিক্ষোভ সমাবেশ করে সিপিবি। দলের ঢাকা মহানগর উত্তর শাখা এ সমাবেশের আয়োজন করে।