বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে বরিশালের কালীবাড়ি রোডের সেরনিয়াবাত ভবন ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুর বগুরা রোডের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে প্রথমে ঘোষণা দিয়ে ছাত্রজনতা জড়ো হয় কালীবাড়ি রোডে আবুল হাসনাত আব্দুল্লাহর কালীবাড়ি রোডের বাড়ি সেরনিয়াবাত ভবনে। তারা বুলডোজার নিয়ে বাড়ি ভাঙতে গেলে সেনা সদস্যরা বাধা দেয়।

অবশেষে ছাত্র-জনতার তোপের মুখে পিছু হটেছে সেনাবাহিনীর সদস্যরা। এর পরপরই বুধবার দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে ছাত্র-জনতা শেখ হাসিনার ভাগ্নে ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নগরীর কালীবাড়ি রোডের বাসভবনটি বুলডোজার দিয়ে ভাঙতে শুরু করে এবং আগুন জ্বালিয়ে দেয়।

এরপূর্বে গত বছরের ৫ আগস্টের পর ওই বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। সেসময় বাড়ির মধ্যে আটকে পরে সিটি করপোরেশনের সাবেক এক কাউন্সিলরসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়।

অপর দিকে রাত ২টার দিকে শিক্ষার্থীরা বুলডোজার নিয়ে সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর নগরীর বগুড়া রোডের বাড়িতে গিয়ে ভাঙচুর চালায়। শত শত বিক্ষুব্ধ ছাত্র-জনতা হামলা চালিয়ে বাড়ির আসবাবপত্র ব্যাপক ভাঙচুর করে। আমির হোসেন আমুর এ বাড়িটি বরিশাল নগরীর হোয়াইট হাউজ নামে সবার কাছে পরিচিত ছিল।

এর পূর্বে গত বছরের ৫ আগস্টের পর এ বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরসহ অগ্নিসংযোগ করা হয়েছিল।