সংস্কৃতি চর্চার মাধ্যমে পরিবেশ ও সমাজের টেকসই উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, সুস্থ সংস্কৃতি মানুষের মনন গঠনের পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও ইতিবাচক ভূমিকা রাখে।

আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর বারিধারায় ‘আনন্দ অ্যাকাডেমি ফর পারফর্মিং আর্টস’–এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পরিবেশ উপদেষ্টা বলেন, সংস্কৃতি ও পরিবেশ পরস্পর সম্পর্কিত। সুস্থ সংস্কৃতিবান ব্যক্তি কখনো বন্যপ্রাণী হত্যা বা পরিবেশের ক্ষতি করতে পারে না।

তিনি বলেন, শিশু-কিশোর ও তরুণদের নৃত্য, সংগীত, নাটকসহ বিভিন্ন পরিবেশনামূলক শিল্পচর্চার সুযোগ দিতে এ প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। উদ্বোধনী আয়োজনে মনোমুগ্ধকর পরিবেশনা অতিথিদের মুগ্ধ করে।

এএসএমটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নাসরীন সোবহানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামীম আরা নীপা, আবেদা সুলতানা ও রেবেকা সুলতানা পারফরম্যান্স প্রদর্শন করেন। আয়োজকরা জানান, নতুন প্রজন্মের মধ্যে সাংস্কৃতিক শিক্ষার প্রসারে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধন শেষে প্রধান অতিথি অ্যাকাডেমির বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন এবং ট্রাস্টিদের সঙ্গে মতবিনিময় করেন।