মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতের জেরে কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী নাফ নদের ওপারে মংডু শহরে তুমুল লড়াই চলছে। রাতভর বিস্ফোরণের বিকট শব্দ সীমান্তের এপারে ভেসে এসেছে। থেমে থেমে মর্টার শেল ও গোলাগুলির শব্দে ঘুম নেই টেকনাফের বাসিন্দাদের। স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। সোমবার (৮ জুলাই) বিকাল পর্যন্ত থেমে থেমে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
টেকনাফ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার এনামুল হক বলেন, ‘রাতভর গোলাগুলির বিকট শব্দ ভেসে এসেছে। এখনো থেমে থেমে শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ। এ সংঘাত কবে শেষ হবে জানি না।’ তিনি আরো বলেন, ‘গত রাতে নাফ নদের ওপারে মিয়ানমারের বিস্ফোরণের শব্দে বাড়িঘরে কম্পন সৃষ্টি হয়েছে। রাতে ঘুম নেই, মনে হয়েছে বাড়ির ওপরে পড়ছে এসব গুলি। মানুষ ঘর থেকে বের হয়ে যায়। এটা তো আন্তর্জাতিকভাবে সমাধান করা দরকার।’
টেকনাফ পৌর এলাকার বাসিন্দা সামী জাবেদ বলেন, ‘রাত ৩টায় মিয়ানমারে বিস্ফোরণের আওয়াজে শিশু মহিলারা বাড়ি থেকে বের হয়ে যায়। কোনো মানুষের ঘুম নেই।’
টেকনাফ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরওয়ার আলম বলেন, ‘মিয়ানমারে অব্যাহত সহিংসতা টেকনাফের মানুষের ঘুম হারাম করছে। পররাষ্ট্রনীতির মাধ্যমে এটার সঠিক সমাধান হওয়া দরকার।’ তাছাড়া মিয়ানমারের সমস্যায় টেকনাফবাসীকে আতঙ্কিত না হওয়ার অনুরোধ করেন তিনি।
টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, ‘নাফ নদীর ওপাশ থেকে গোলাগুলির শব্দ ভেসে আসছে। আর আমাদের সীমান্তে বিজিবি ও কোস্টগার্ড সতর্ক অবস্থানে রয়েছে। এছাড়া কোনো রোহিঙ্গা যেন অনুপ্রবেশ করতে না পারে সে বিষয়ে সীমান্তরক্ষী বাহিনীগুলো সতর্ক অবস্থানে রয়েছে।’










