আবাসিক পর্যায়ে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ফলে পূর্বের নির্ধারিত মূল্যহারই বহাল থাকবে। বিইআরসি জানায়, এ সিদ্ধান্ত জুন মাসের বিল থেকেই কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে।
আজ বৃহস্পতিবার বিইআরসির সচিব মো. নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, আবাসিক লাইফ লাইন (শূন্য থেকে ৫০ ইউনিট) এবং আবাসিক প্রথম ধাপের (শূন্য থেকে ৭৫ ইউনিট) বর্ধিত মূল্যহার কার্যকর না করে আগের মূল্যহার বহাল রাখা হয়েছে। এতে বিদ্যুৎ বিতরণ সংস্থা বা কোম্পানিগুলোর আয় কমবে, যা সরকারকে অতিরিক্ত ভর্তুকি দেয়ার মাধ্যমে সমন্বয় করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সব বিদ্যুৎ বিতরণ সংস্থা বা কোম্পানির আবাসিক গ্রাহক শ্রেণীর অন্তর্ভুক্ত লাইফ লাইন শূন্য থেকে ৫০ ইউনিটের এনার্জি রেট বা চার্জ হবে ৪ টাকা ৬৩ পয়সা। এছাড়া আবাসিক প্রথম ধাপের শূন্য থেকে ৭৫ ইউনিটের এনার্জি রেট বা দাম হবে পাঁচ টাকা ২৬ পয়সা।










