নির্বাচন যত বিলম্ব হবে দেশের সমস্যা তত বাড়বে বলে মন্তব্য করেছেন তারেক রহমান। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীতে এক মতবিনিময় সভায় দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জরুরী প্রয়োজনীয়তার তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ মন্তব্য করেন।

তিনি বলেন, জনগণের দেশ পরিচালনার দায়িত্ব ঠিক করবে তারা কাদেরকে দিবে। কাজেই এই বিষয়(নির্বাচন) যত দেরি হবে আমরা মনে করি, বিভিন্নভাবে ধারণা করি, তাতে করে সমস্যা বাড়বে বৈই কমবে না।

তারেক রহমান বলেন, আমরা জনগণের অধিকার যত দ্রুত জনগণের কাছে ফিরিয়ে দিতে পারব, জনগণের অধিকার যত দ্রুত এদেশে প্রতিষ্ঠিত করতে পারব। আমি বিশ্বাস করি তত দ্রুত আমরা দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে থেকে ফিরিয়ে আনতে সক্ষম হব।

তিনি বলেন, একটি বিষয় এখানে সকলে বলেছেন, যত দেরি হবে নির্বাচনের তত বেশি বিভিন্ন ষড়যন্ত্রের ঢালপালা বাড়তে থাকবে বিভিন্নভাবে সমাজের মধ্যে, বিভিন্নভাবে কথা-বার্তায়। এখনই বিভিন্ন রকম কথাবার্তা আস্তে আস্তে ছড়াচ্ছে। যারা পালিয়ে গেছে এই দেশ থেকে তারা দেশের মানুষের বিপুল পরিমাণ সম্পদ লুট করে নিয়ে গেছে। অবশ্যই তারা সেই সম্পদগুলো সেই ষড়যন্ত্রের পেছনে ব্যয় করবে।

তারেক বলেন, কাজেই দেশকে যদি একটি স্টেবল সিচ্যুয়েশনে ভেতরে আনতে হয়, দেশকে যদি ঐক্যবদ্ধভাবে ধরে রাখতে হয়, দেশকে যদি একটি স্থিতিশীল অবস্থার মধ্যে ধরে রাখতে হয় তবে দায়িত্ব অবশ্যই জনগণের হাতে ছেড়ে দিতে হবে।