ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দশ জনের বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে আরো একটি মামলা হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) ঢাকার হাকিম আদালতে অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করতে শেরেবাংলা নগর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। আওয়ামী লীগ সরকারের পতনের দিন গত ৫ আগস্ট পুলিশের গুলিতে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় আবেদনের প্রেক্ষিতে এ মামলাটি করা হয়।

আদালত সূত্র জানায়, ঢাকার আগারগাঁওয়ে গুলিতে নিহত শাহাবুদ্দিনের (৩৫) বাবা মো. আবুল কালাম ঢাকার হাকিম আদালতে এ মামলার আবেদন করেন। তার জবানবন্দি শুনে মহানগর হাকিম ফারাহা দিবা ছন্দা মামলার আর্জি এজাহার হিসাবে গণ্য করতে শেরেবাংলা নগর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। শেখ হাসিনার পাশাপাশি আরো দশজনের নাম রয়েছে এ মামলার আসামির তালিকায়।

মামলার অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মো. এ আরাফাত, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশিদ, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। এছাড়া আওয়ামী লীগের আরো অজ্ঞাতনামা নেতাকর্মী ও পুলিশ সদস্যদের এ মামলায় আসামি করা হয়েছে।

মামলার আবেদনে বলা হয়, গত ৫ আগস্ট সন্ধ্যা সোয়া ৭টার দিকে শাহাবুদ্দিন পরিবারের জন্য খাবার কিনতে বাসা থেকে বের হন। পশ্চিম আগারগাঁও চৌরাস্তায় ওঠার সময় পুলিশের ছোড়া গুলি তার মাথায় লাগে। আশপাশের লোকজন তাকে ন্যাশনাল ইনষ্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।