কক্সবাজারে টিসিবির পণ্য অবৈধভাবে মজুদ করে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে
জরিমানা করা হয়েছে। শনিবার (৩০ মার্চ) রাত সাড়ে ৮টায় এ অভিযান চালানো হয়। র্যাব-১৫
এর সিনিয়র সহকারী পরিচালক আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, কক্সবাজারে দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ অসাধু ব্যবসায়ী
চক্র নিম্ন আয়ের মানুষের জন্য সরকার প্রদত্ত স্বল্প মূল্যের সুবিধাজনক পণ্য ব্যক্তিগত
লাভের উদ্দেশ্যে অবৈধভাবে সংগ্রহ ও মজুদ করে বেশি মূল্যে বিক্রয় করছে। জড়িতদের আইনের
আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র্যাব। এর ধারাবাহিকতায় শনিবার রাতে কক্সবাজারের
বিসিক শিল্প নগরী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় কক্সবাজার বিসিক
শিল্প নগরীতে মেসার্স তানভীর এন্টারপ্রাইজে টিসিবির সীলযুক্ত বিপুল পরিমাণ ভোজ্য তেল
উদ্ধার করা হয়। পরে মজুদকারী আজিজুর রহমানকে এক লাখ টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।










