রাজধানীর শাহবাগে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল সন্ধ্যায় শহীদ আবু সাঈদ কনভেনশন হলে এ ঘটনা ঘটে। এতে ইউসুফ নামে এক কর্মী আহত হন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কনভেনশন হলের তৃতীয় তলায় এনসিপি ঢাকা মহানগর ও জেলা ইউনিটের সমন্বয় সভা চলছিল। এ সময় দ্বিতীয় তলায় মোহাম্মদপুর ও বংশাল থানা ইউনিটের কর্মীদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। সন্ধ্যা সোয়া ৬টার দিকে তা সংঘর্ষে রূপ নেয়।

এ বিষয়ে জানতে চাইলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব সাইফ মোস্তাফিজ সংবাদমাধ্যমকে বলেন, ‘সমন্বয় সভার বাইরে ব্যক্তিগত বিষয়ে কথা কাটাকাটির জেরে দুই পক্ষের উত্তেজনার ঘটনা ঘটেছে। পরে সিনিয়রদের হস্তক্ষেপে তা সমাধান হয়ে গেছে। আর মারামারির যে ভিডিও ভাইরাল হচ্ছে, সেটা দুজন কর্মীর পুরনো ব্যক্তিগত লেনদেন-সংক্রান্ত দ্বন্দ্ব নিয়ে। দলীয় কোনো কারণে নয়।’