একটি হত্যা মামলায় কারাগারে পাঠানো হয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহীন মিয়াকে। আজ রোববার (১১ জুন) দুপুরে জামিন আবেদন শুনানি শেষে সেটি নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন জেলা ও দায়রা জজ আস শামস্ জগলুল হোসেন৷

বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান৷ তিনি বলেন, হত্যা মামলায় অভিযুক্ত শাহীন মিয়া উচ্চ আদালত থেকে আগাম জামিনে ছিলেন৷ রোববার  তিনি জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ৩ এপ্রিল সন্ধ্যায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বন্দর অঞ্চলের রুপালী আবাসিক এলাকায় নিজের ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে কুপিয়ে খুন করা হয় মেরাজুল ইসলামকে (২৮)৷ পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পুরোনো দ্বন্দ্বের জেরে তাকে খুন করা হয়েছে।

ঘটনার পরদিন নিহতের মা বাদী হয়ে কাউন্সিলর শাহীন মিয়াসহ ১৪ জনকে এজাহারনামীয় ও ৫-৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা করেন। বাদীর অভিযোগ, স্থানীয় কাউন্সিলর শাহীন মিয়ার হুকুমে আকিব হাসান রাজু চাইনিজ কুড়াল দিয়ে মিরাজকে হত্যার উদ্দেশ্যে অন্যান্য আসামিদের সহযোগিতায় এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

এ মামলায় অভিযুক্তদের কয়েকজন গ্রেফতার হলেও উচ্চ আদালত থেকে আগাম জামিনে ছিলেন কাউন্সিলর শাহীন মিয়া৷