সিরাজগঞ্জ পৌরসভা ১৫০ কোটি টাকার অধিক বাজেট ঘোষণা করতে যাচ্ছে। উন্নয়ন খাতে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ রেখে এরই মধ্যে খসড়া বাজেট তৈরি এবং পূর্ণাঙ্গ বাজেট ঘোষণার প্রস্তুতি নেয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

পৌরসভা কার্যালয সূত্রে জানা যায়, ২০২১-২২ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ১৫৩ কোটি ৮২ লাখ ৮৯ হাজার ৮৪১ টাকা। আর ব্যয় ধরা হয়েছে ১৫৩ কোটি ৩০ লাখ ৮১ হাজার ৩৭০ টাকা। উদ্বৃত্ত ধরা হয়েছে ৫২ লাখ ৮ হাজার ৪৭২ টাকা। এর মধ্যে উন্নয়ন খাতেই ব্যয় ধরা হয়েছে ১২৫ কোটি ৫৬ লাখ ৭ হাজার ৮২৮ টাকা।

হোল্ডিং ট্যাক্স, ইমারত নির্মাণ, যানবাহন ফি, পৌর মার্কেট, যানবাহন স্ট্যান্ড, পৌর সম্পত্তি ভাড়া, বিভিন্ন সনদ ও ফরম বিক্রি করা, সরকার এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার দান-অনুদান  ও প্রকল্প খাতে বরাদ্দকৃত অর্থসহ নানা খাত থেকে আয়ের উৎস নির্ধারণ করা হয়েছে।

এর মধ্যে সড়ক, ব্রিজ ও পৌরসভার বিভিন্ন রাস্তাঘাট নির্মাণ, সড়কবাতি, ড্রেন ও পয়োঃনিষ্কাশন ব্যবস্থা, ত্রাণ, হতদরিদ্র, প্রতিবন্ধী, অনুদান, স্বাস্থ্যসেবা, ভৌত অবকাঠামো নির্মাণ ও পৌরসভার সার্বিক উন্নয়নের জন্য উন্নয়ন খাতে বরাদ্দকৃত এ অর্থ ব্যয় করা হবে।

সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় গত পাঁচ বছরে সিরাজগঞ্জ পৌরসভায় কোটি কোটি টাকার উন্নয়নকাজ হয়েছে, যা এখনো চলমান রয়েছে। পৌরসভার সার্বিক উন্নয়নে পৌরবাসী কর প্রদানসহ নানাভাবে সহযোগিতা করছেন। যার কারণেই এত বড় বাজেট দেয়া এবং পৌরসভার সার্বিক উন্নয়ন করা সম্ভব হচ্ছে।