বৈশ্বিক কার্যক্রমে যুক্ত বাংলাদেশী জাহাজ ও বিমান সংস্থাগুলোর ব্যবসা সম্প্রসারণ এবং দেশে বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়াতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এসব প্রতিষ্ঠানের বৈদেশিক মুদ্রা (এফসি) হিসাবের স্থিতি বা উদ্বৃত্ত অর্থের ওপর সুদ বা মুনাফা পাওয়া যাবে।

আজ রোববার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকে পাঠানো হয়েছে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশী জাহাজ এবং বিমান সংস্থাগুলোর বৈশ্বিক কার্যক্রম থেকে আয় ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ায়, তাদের এফসি অ্যাকাউন্টের উদ্বৃত্ত অর্থ সংশ্লিষ্ট এডি ব্যাংকে সুদ বা মুনাফা-বহনকারী নবায়নযোগ্য ‘মেয়াদি আমানত’ হিসেবে রাখা যাবে। এক্ষেত্রে আমানতের সময়সীমা নির্ধারিত হবে সাধারণ ব্যাংকিং নিয়ম অনুযায়ী। আর সংশ্লিষ্ট বৈদেশিক মুদ্রার ওপর ব্যাংক ও গ্রাহকের মধ্যকার সুসম্পর্কের ভিত্তিতে সুদ হার বা মুনাফা নির্ধারিত হবে।

নির্দেশনায় আরো বলা হয়, আমানতের ওপর অর্জিত এ সুদ বা মুনাফা বৈদেশিক মুদ্রায় নয়, বরং স্পট রেট (তাৎক্ষণিক বিনিময় হার) অনুযায়ী স্থানীয় মুদ্রা অর্থাৎ বাংলাদেশী টাকায় পরিশোধ করতে হবে।

কেন্দ্রীয় ব্যাংক আশা করছে, এ সিদ্ধান্তের ফলে দেশীয় শিপিং ও এয়ারলাইনস কোম্পানিগুলো আন্তর্জাতিক উৎস থেকে অর্জিত আয় দেশে আনতে আরো বেশি উৎসাহিত হবে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক ভূমিকা রাখবে।