চুয়াডাঙ্গায় ৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ই-কর্মাস প্রতিষ্ঠান আদিয়ান মার্ট লিমিটেডের সিইওসহ চার কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে চুয়াডাঙ্গা ও খুলনার বিভিন্ন স্থান থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা এদের গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন, প্রতিষ্ঠানটির সিইও জুবায়ের সিদ্দিকী মানিক, মহা-ব্যবস্থাপক মাসুদ সিদ্দিকী রতন, উপদেষ্টা আবু বক্কর সিদ্দিকী ও ম্যানেজার মিনারুল ইসলাম। 

আজ শনিবার সকালে ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ শরিফুল আহসান জানান, চুয়াডাঙ্গায় ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্ট লিমিটেড বিভিন্ন অফারের মাধ্যমে সাধারণ মানুষকে আকৃষ্ট করে আসছিল। বর্তমানে তাদের পণ্য ঘাটতির পরিমাণ ৭-৮ কোটি টাকা। গত কয়েক মাস তারা তাদের কাস্টমার কেয়ারসহ সকল কার্যক্রম বন্ধ রেখেছে। বর্তমানে তাদের ১৮০০’র বেশি এনভয়েস অর্ডার বাকি আছে বলেও জানান তিনি। 

শুক্রবার প্রতারণার শিকার এক গ্রাহক চুয়াডাঙ্গা সদর থানায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে  মামলা করে। এরপরই অভিযান চালিয়ে ওই ৪ জনকে গ্রেফতার করে র‌্যাব। তাদের চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।