গাইবান্ধায় পুরুষের তুলনায় নারী ভোটার বেড়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার পাঁচটি আসনে মোট ভোটার ২০ লাখ ৫২ হাজার ৬৯৭ জন। এর মধ্যে পুরুষ ১০ লাখ ১১ হাজার ৫৮৩ জন। আর নারী ভোটার ১০ লাখ ৪১ হাজার ৯৩ জন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গত পাঁচ বছরে মোট ভোটার বেড়েছে ২ লাখ ৬৬ হাজার ৩৪ জন। তাদের মধ্যে ১৮ জন তৃতীয় লিঙ্গের ভোটারও রয়েছে। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৭ লাখ ৮৬ হাজার ৬৬৪। সে সময় নারী ভোটার ছিল ৯ লাখ ১৩ হাজার ৭৯২। আর পুরুষ ৮ লাখ ৭১ হাজার ৭৬২ জন।
আসনভিত্তিক ভোটারের হিসাবে দেখা গেছে, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ভোটার বেড়েছে ৫৩ হাজার ৮৯৮। এর মধ্যে পুরুষ ২৮ হাজার ৬৫৭, নারী ২৫ হাজার ২৪৯ ও তৃতীয় লিঙ্গের একজন। ২০১৮ সালে এ আসনে ভোটার ছিল ৩ লাখ ৩৯ হাজার ১৪৬। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৯৩ হাজার ৪৪ জনে।
গাইবান্ধা-২ (সদর) আসনে ভোটার বেড়েছে ৪৭ হাজার ৩৮৫ জন। এর মধ্যে পুরুষ ২৪ হাজার ৩৯৩, নারী ২২ হাজার ৯৮৬ ও তৃতীয় লিঙ্গের ছয়জন। ২০১৮ সালে ভোটার ছিল ৩ লাখ ৩৪ হাজার ৫৮৪। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৮১ হাজার ৯৬৯ জনে।
গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনে ভোটার বেড়েছে ৬২ হাজার ৯৩৪ জন। এর মধ্যে পুরুষ ৩২ হাজার ৮৪। আর নারী ৩০ হাজার ৯৪৩ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে সাতজন। ২০১৮ সালে মোট ভোটার ছিল ৪ লাখ ১১ হাজার ৯৪২। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৭৪ হাজার ৮৭৬ জনে।
গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে ভোটার বেড়েছে ৫৩ হাজার ৬৭৮ জন। এর মধ্যে পুরুষ ২৮ হাজার ২১৮, নারী ২৫ হাজার ৪৫৪ ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ছয়জন। ২০১৮ সালে এ আসনে ভোটার ছিল ৩ লাখ ৮৬ হাজার ২৪৭ জন। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৩৯ হাজার ৯২৫ জনে।
গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে ভোটার বেড়েছে ৪৮ হাজার ১৩৯ জন। এর মধ্যে পুরুষ ২৬ হাজার ৪৬৯, নারী ২২ হাজার ৬৬৯ ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে একজন। ২০১৮ সালে এ আসনে ভোটার ছিল ৩ লাখ ১৪ হাজার ৭৪৪ জন। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৬২ হাজার ৮৮৩ জনে।
গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোত্তালিব বণিক বার্তাকে বলেন, ‘জেলার পাঁচটি সংসদীয় আসনে সাতটি উপজেলার ৮১টি ইউনিয়ন ও চারটি পৌরসভায় ৬৪৬টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। ২০২৪ সালের ৭ জানুয়ারি ওইসব কেন্দ্রে ২০ লাখ ৫২ হাজার ৬৯৭টি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।’









