নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেসার্স ইমন টেক্সটাইল অ্যান্ড সাইজিং নামের একটি মিলে সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। এতে দগ্ধ হয়ে মোমেন মিয়া (৪০) নামে মিলের এক অপারেটর নিহত হয়েছেন। বিস্ফোরণের সময় ওই কারখানার টিনের চাল উড়ে যায়। লণ্ডভণ্ড হয়ে যায় মেশিনপত্র ও যন্ত্রাংশ। গত বুধবার রাত ১১টায় উপজেলার গোপালদীর দাইরাদী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোমেন মিয়া সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার আইবেরা গ্রামের শাহজাহানের ছেলে।
মিলের শ্রমিক ও স্থানীয়রা জানান, আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার দাইরাদী গ্রামে রামচন্দ্রদী সেতুর পাশে কামাল হোসেন ইমনের মালিকানাধীন মেসার্স ইমন টেক্সটাইল অ্যান্ড সাইজিং মিলে বুধবার রাতে কাজ করার সময় আকস্মিকভাবে সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এ সময় সেখানে কর্মরত সিনিয়র অপারেটর মোমেন মিয়ার সারা শরীর আগুন ও গরম পানিতে ঝলসে যায়। পরে তাকে মারাত্মক দগ্ধ অবস্থায় উদ্ধার করে রাতেই ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। গতকাল দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কারখানাটির সাইজিং ইউনিটে কর্মরত শ্রমিকের অভিযোগ, ঝুঁকিপূর্ণ কাজ হলেও এ ইউনিটে কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই। নিরাপত্তার বিষয়টি নিয়ে কথা বললেও কর্ণপাত করেনি মালিকপক্ষের লোকজন।
অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে কারখানাটির মালিক ইমন কথা বলতে রাজি হননি। আড়াইহাজার থানার ওসি আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিক তদন্তে অতিরিক্ত তাপে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়েছে বলে মনে হচ্ছে। পুলিশের কাছে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ এখন পর্যন্ত কেউ করেনি। নিহত শ্রমিকের পরিবারের কোনো ধরনের অভিযোগ থাকলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’









