ভ্যাট ফাঁকির সঙ্গে জড়িত থাকার অভিযোগে মিডিয়াসফট ডাটা সিস্টেম লিমিটেড ও থ্রি এস সফটওয়্যার লিমিটেডের বিরুদ্ধে ব্যবস্থা নেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআর সূত্রে জানা গেছে, পয়েন্ট অব সেল (পিওএস) মেশিনে বিশেষ সফটওয়্যার বসিয়ে রেস্টুরেন্টসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্যাট ফাঁকিতে সহায়তা করছে মিডিয়াসফট ও থ্রিএস। এতে সরকারের রাজস্ব আদায়ে বড় ধরনের ঘাটতি তৈরি হচ্ছে।

গত ১৯ ফেব্রুয়ারি এনবিআরের এক বৈঠকে জানানো হয়, ভ্যাট কমিশনারেট থেকে দেয়া ব্যবসায় শনাক্তকরণ নম্বর (বিআইএন) ব্যবহার করে সফটওয়্যার ইন্সটল করা হলেও তা সঠিক নয়। অনেক প্রতিষ্ঠান পুরাতন বিআইএন ব্যবহার করে, আবার কেউ সফটওয়্যার বসালেও তা চালু রাখে না। ফলে লেনদেন শূন্য দেখানো হয়। এছাড়া মিডিয়াসফট ও থ্রি এস এসডিসি স্থাপনে বাধা দিচ্ছে। থ্রি এস সফটওয়্যার এনবিআরের তালিকাভুক্তও নয়।

মিডিয়াসফটের চট্টগ্রাম অফিস ইনচার্জ সনজিব অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, কেউ যদি চান ভ্যাট দেবেন না, আমরা সে ব্যবস্থা করে দিতে পারি। আপনার এখানে শূন্য বসিয়ে দেয়া হলে এনবিআর আর কোনো হিসাব পাবে না।

তবে মিডিয়াসফটের ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের সহকারী ম্যানেজার সজীব সাহা বলেন, আমরা এনবিআরের তালিকায় আছি। তারা যে ব্যবস্থা নিতে চায়, নিতে পারে।

এদিকে, থ্রি এস সফটওয়্যারের সিইও তৌফিক হাসান স্বীকার করেন যে, প্রতিষ্ঠানটি এনবিআরের তালিকাভুক্ত নয়। তিনি বলেন, আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের সফটওয়্যার ইন্টিগ্রেট করে দিই।

এনবিআরের ২০১৯ সালের আদেশ অনুযায়ী, তালিকাভুক্ত সফটওয়্যার প্রতিষ্ঠান অনিয়ম করলে তা মূসক আইনের ৮৫, ১১১, ১১২ ও ১১৬ ধারায় শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। এর মধ্যে ১১১ ধারায় সর্বোচ্চ এক বছর কারাদণ্ড বা করের সমপরিমাণ অর্থদণ্ড, ১১২ ধারায় ছয় মাস কারাদণ্ডের বিধান রয়েছে।

এ বিষয়ে এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আমরা তদন্ত করছি। মিডিয়াসফট ও থ্রি এসের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে।

এনবিআরের আদেশে বলা হয়েছে, তালিকাভুক্ত সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান বিধি লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে তালিকা থেকে বাদও দেয়া হতে পারে। দোষী প্রমাণিত হলে এসব প্রতিষ্ঠান ভবিষ্যতে রাজস্ব বোর্ডের সঙ্গে কোনো সফটওয়্যার ব্যবসায় অংশ নিতে পারবে না।

এনবিআরের নির্দেশনা অনুযায়ী, ভ্যাট সফটওয়্যারের তথ্য কমপক্ষে পাঁচ বছর সংরক্ষণ করতে হবে। সফটওয়্যার স্থাপনের ২১ দিনের মধ্যে এনবিআরকে যে কোনো সমস্যার বিষয়ে জানাতে হবে।

এ বিষয়ে ইউওয়াই সিস্টেমস লিমিটেডের সিইও ফারহানা এ রহমান বলেন, এনবিআরের নিয়ম অনুযায়ী সফটওয়্যার পরিচালিত হলে লেনদেন শূন্য দেখানো সম্ভব নয়। তবে সফটওয়্যার কোম্পানিগুলো কারসাজি করলে তা সম্ভব হয়।

এনবিআর জানিয়েছে, অন্য কোনো প্রতিষ্ঠানও একই ধরনের অনিয়ম করছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।