ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার নবুওছিমদ্দিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জাহাঙ্গীর (৩৫) নামে এক রাজমিস্ত্রি। এ ঘটনায় ভ্যানে থাকা আরো দুই শ্রমিক আহত হয়েছেন। আহতরা বর্তমানে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দ্রুতগতির একটি বাস শ্রমিকবাহী ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই জাহাঙ্গীরের মৃত্যু হয়। তিনি রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের সমেশপুর এলাকার সোনামদ্দিন মোল্লার ছেলে।
স্থানীয়রা জানান, নবুওছিমদ্দিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মকবুলের দোকানের পাশে হঠাৎ একটি দ্রুতগামী বাস ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।
আহলাদিপুর হাইওয়ে থানার এসআই জুয়েল শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসটি দ্রুত পালিয়ে যায়। তবে চালক ও সহকারীকে আটকের চেষ্টা চলছে।










