রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আজ জমা দেয়া হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। প্রতিবেদন জমা দিতে আরো তিন দিন সময় চেয়েছেন তিনি। একই সঙ্গে আগামী ৩ জুন তদন্ত প্রতিবেদন প্রকাশের দিন ধার্য করা হয়েছে।

শনিবার (৩০ মে) বেলা ১১টার দিকে মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘এটি অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা। আমরা মর্মাহত, আমাদের সরকার মর্মাহত। ঘটনার সময় আমি এলাকায় ছিলাম। আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সবাই তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়েছেন এবং পরিস্থিতি পরিদর্শন করেছেন। এ ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি বিভিন্ন দিক পর্যালোচনা করেছে। হাসপাতালের অবস্থান, ওয়ার্ডের অবস্থান, ওয়ার্ডের ভেতরে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম, শিশুদের কী পরিস্থিতি হয়েছিল, তাদের কোথায় স্থানান্তর করা হয়েছিল—সবকিছু খতিয়ে দেখা হয়েছে। চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে যেমন বিষয়গুলো মূল্যায়ন করা হয়েছে, তেমনি প্রকৌশলগত দিক থেকেও পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।’

মন্ত্রী আরো বলেন, ‘আমরা আজ তদন্ত প্রতিবেদন দিতে পারিনি। একটি গুরুত্বপূর্ণ বিষয় এখনো বাকি আছে। সেটি হলো নিহত শিশুদের মায়েদের বক্তব্য গ্রহণ করা। মায়েরা এখনো গভীর শোকাহত অবস্থায় রয়েছেন। তাদের বুক খালি হয়ে গেছে। তারা বিভিন্ন এলাকায়—চাঁদপুর, কামরাঙ্গীরচর, কেরানীগঞ্জ, মাদারটেকসহ বিভিন্ন স্থানে চলে গেছেন। আমরা তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি। তাদের উপস্থিত করে বক্তব্য নিতে আরো কিছু সময় প্রয়োজন হবে। মায়েদের কাছ থেকে ওই সময়কার পরিস্থিতি সম্পর্কে প্রত্যক্ষ বর্ণনা পাওয়া খুবই গুরুত্বপূর্ণ। সেই বক্তব্য ছাড়া তদন্ত প্রতিবেদন অসম্পূর্ণ থেকে যাবে। এ কারণে তদন্ত কমিটি আরো তিন দিন সময় চেয়েছে। আমরা সবাই মিলে তাদের সেই সময় দিয়েছি। আজ ৩১ মে বাদ দিয়ে আগামী ৩ জুনের মধ্যে আমরা পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন হাতে পাব। এরপর আমরা তা আপনাদের সামনে উপস্থাপন করব।’

প্রাথমিক তদন্তে কোনো আলামত পাওয়া গেছে কি না—এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রাথমিক তথ্য দিয়ে কোনো সিদ্ধান্ত জানানো ঠিক হবে না। কারণ, মায়েদের বক্তব্য যুক্ত হলে প্রতিবেদনটি পূর্ণাঙ্গ হবে এবং আপনারা জাতির সামনে সঠিক ও সম্পূর্ণ তথ্য তুলে ধরতে পারবেন। আমি শুধু এটুকু বলতে চাই, আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছি। সঠিক তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটন করা হবে। চিকিৎসাবিজ্ঞান ও প্রচলিত আইন অনুযায়ী যেখানে যতটুকু শাস্তিযোগ্য অপরাধ প্রমাণিত হবে, সেখানে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।’

উল্লেখ্য, গত বুধবার সকালে আদ্-দ্বীন হাসপাতালের ডেলিভারির পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন ছয় নবজাতকের মৃত্যু হয়। মৃত নবজাতকদের বয়স ছিল এক থেকে তিন দিন। এ ঘটনায় সারা দেশে সমালোচনার সৃষ্টি হয়। ঘটনাটি তদন্তে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত কমিটির প্রতিবেদন আজ (শনিবার) দেওয়ার কথা ছিল।