আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন তিনি।

এ সময় তথ্য, ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম, ডাক ও টেলিযোগাযোগ সচিব ড. মুহাম্মদ মুশফিকুর রহমান ও ডাক অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এস এম সাহাবুদ্দিন উপস্থিত ছিলেন।

একই অনুষ্ঠানে সপ্তম জাতীয় কমডেকা ২০২৫ উদযাপন উপলক্ষে আরেকটি স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহরও অবমুক্ত করেন প্রধান উপদেষ্টা। এ সময় কমডেকা উপদেষ্টা, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মুহাম্মদ এহছানুল হক ও কমডেকা চিফ মীর মাহবুবুর রহমান স্নিগ্ধসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।