দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে শীর্ষ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এরই অংশ হিসেবে সরকারপ্রধান আজ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে বসবেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিকাল ৫টায় এ বৈঠক হবে বলে জামায়াতের প্রচার বিভাগের পাঠানো আমন্ত্রণপত্র থেকে জানা গেছে।

জামায়াতের পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

দলটির সূত্র জানায়, চলমান রাজনৈতিক পরিস্থিতি, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়াসহ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে।

এদিকে বিএনপির একটি প্রতিনিধি দল গতকাল সন্ধ্যায় যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বাধীন প্রতিনিধি দল বিভিন্ন বিষয় তুলে ধরেছে বৈঠকে। এর মধ্যে নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকারকে সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখার জন্য সরকারের মধ্যে কোনো দলীয় লোক থেকে থাকলে তাদের অপসারণের দাবি জানিয়ে এসেছে।

অন্যদিকে জামায়াত এখন নভেম্বরে গণভোট, পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলনে রয়েছে। তবে তাদের প্রধান দুই দাবিরই বিরোধিতা করে আসছে বিএনপি।