চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের (চাকসু) অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ উঠেছে। ছাত্রদল, ছাত্র শিবিরসহ বেশ কয়েকজন প্রার্থী অভিযোগ করে জানান, এতে ভোটাররা একাধিকবার ভোট দেয়ার সুযোগ পাবে।

বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদ, সমাজবিজ্ঞান অনুষদ এবং ইঞ্জিনিয়ারিং অনুষদের কয়েকটি কক্ষে এ সমস্যা দেখা গেছে।

সরেজমিনে সমাজবিজ্ঞান অনুষদের ৪০১ ও ৪০২ নম্বর কক্ষে এবং কলাভবনের ৩১২৪ নম্বর কক্ষে এ সমস্যা দেখা গেছে। পুরুষ ভোটারদের কক্ষের অমোচনীয় কালি উঠে যাচ্ছে। তবে নারী ভোটারদের হাতের কালি উঠতে দেখা যায়নি। বেশ কয়েকজনকে জিজ্ঞাসা এবং চেক করে দেখা গেছে, তাদের হাতের কালি ঠিক আছে।

বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদে ভোট দিয়ে ছাত্রদল প্যানেলের জিএস প্রার্থী মো. শাফায়াত হোসেন অভিযোগ করেছেন, ভোটারের আঙুলে অমোচনীয় যে কালি দেয়া হচ্ছে তা এক ঘষাতেই উঠে যাচ্ছে।

এছাড়া দ্রোহ পর্ষদ প্যানেলের ভিপি প্রার্থী রিজু লক্ষী অবরোধ ও জিএস ইফাজ উদ্দিন আহমেদ ইমুও এবিষয়ে অভিযোগ করেছেন। তাদের অভিযোগ, তারা যে কয়টি ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন কোনো কেন্দ্রেই অমোচনীয় কালি ব্যবহার করতে দেখেননি। ফলে ভোট দেয়ার সঙ্গে সঙ্গে আঙুল থেকে কালি উঠে যাচ্ছে। তাই জাল ভোট দেয়ার সুযোগ থেকে যাচ্ছে।

কালি উঠে যাওয়ার বিষয় নিয়ে নির্বাচন কমিশনার অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ বলেন, কালি উঠে গেলেও শিক্ষার্থীদের নাম তালিকা থেকে কেটে দেয়া হচ্ছে। ফলে কোনো সমস্যা হবে না।