আজও ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে রাত ২টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। চার ঘাটে পারের অপেক্ষায় রয়েছে চার শতাধিক যানবাহন।
বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের ডিজিএম নাসির চৌধুরী জানান, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিক ঘন কুয়াশার তীব্রতা বেড়ে পুরো নৌপথ ঢেকে যায়। বিকনবাতি অস্পষ্ট হয়ে গেলে নৌ দুর্ঘটনা এড়াতে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। এ সময় আরিচা থেকে কাজিরহাট যাওয়ার পথে মাঝ নদীতে আটকে পড়ে শাহ আলী নামের ফেরিটি। তাছাড়া আরো চারটি ফেরি দুইঘাটে আটকে রাখা হয়।
অপরদিকে, মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটেও ঘন কুয়াশার প্রকোপ বেড়ে গেলে নৌ দুর্ঘটনা এড়াতে রাত আড়াইটা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। উভয়ঘাটে ১২টি ফেরিকে আটকে রাখা হয়।
এই পরিস্থিতিতে ঘন কুয়াশার প্রকোপ না কমা পর্যন্ত ফেরি চলাচল স্বাভাবিক করানো সম্ভব হবে না বলেও জানান তিনি।










