নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, আমরা চট্টগ্রামে সরাসরি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের ব্যবস্থা করছি। বিশ্বের কয়েকটি দেশ চট্টগ্রামের বন্দরসহ বিভিন্ন টার্মিনালে প্রায় ১ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছে। ওয়ার্ল্ড ব্যাংক ৬০০ মিলিয়ন মার্কিন ডলার বে-টার্মিনালে বিনিয়োগ করার জন্য বসে আছে। আমরা চাইলে যেকোনো সময় তারা এ বিনিয়োগের জন্য চুক্তি স্বাক্ষর করতে রাজি হয়ে আছে। মূলত চট্টগ্রাম বন্দরের যে সব সমস্যা আছে সেগুলোকে আমরা আমরা দূর করার চেষ্টা করছি।

রোববার (২২ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম বোটক্লাবে আয়োজিত বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ৪৭তম বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, চট্টগ্রাম বন্দর, বিভিন্ন টার্মিনাল ও বে-টার্মিনালে এসব বিনিয়োগ হলে চট্টগ্রামের চেহারা পরিবর্তন হয়ে যাবে। এতে চট্টগ্রাম অঞ্চলের শ্রমিকরা অধিকতর কাজ পাবে। বেতন হবে বর্তমান পে স্কেলের চাইতে আরও বেশি পে স্কেলে। এ যে চট্টগ্রাম বন্দর নিয়ে আমাদের আশা প্রত্যাশা আছে, তা আমি একটি বা দুটি-পাঁচটি লোকের হাতে নির্ভর করে রাখতে চাচ্ছি না। এজন্য আপনাদের সহায়তা প্রয়োজন। এটা চট্টগ্রামবাসীর জন্য গর্বের বিষয় হবে। চট্টগ্রাম বন্দর আন্তর্জাতিক মানে আরো উন্নত হচ্ছে। সরকারের অনুমতিক্রমে কয়েকটি ইনল্যান্ড পোর্ট পাবলিকের হাতে দেয়ার চিন্তা করা হচ্ছে। কারণ সরকার এ ধরনের ব্যবসা করতে পারে না। চট্টগ্রাম বন্দর অত্যন্ত মুনাফার জায়গা। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অক্লান্ত পরিশ্রমের কারণে তারা আজকে এই জায়গায় এস পৌঁছেছে।

তিনি আরো বলেন, এ সরকার ক্ষমতা হাতে নেয়ার পরে অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করছে। যত বদনামই কেউ করুক না কেন গত চার মাসের কাছাকাছি সময়ে আপনারা কখনো শোনেন নাই, যে হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে। এ উপদেষ্টা মণ্ডলী বা সরকারের সঙ্গে যারা কাজ করছেন তাদের হয়তো সবার আমাদের মতো এতো প্রশাসনিক যোগ্যতা নেই কিংবা জানাশোনা কিছুটা কম থাকতে পারে কিন্তু আমরা এটা বলতে পারি আমাদের এখানে কোন অসৎ ব্যক্তি উপদেষ্টা সরকারে নেই। উপর থেকে নিচে পর্যন্ত সবাই সততার সঙ্গে কাজ করছে।

বিএসসি প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে সরকারি কোনো প্রতিষ্ঠান প্রায় পৌনে পাঁচশ কোটি টাকা ঋণ পরিশোধ করা হয়েছে। এটা কিন্তু অনেক বড় বিষয়। কিন্তু বিএসসি সেটা করেছে। গ্রাহকদের যে বিশ্বাস শিপিং কর্পোরেশনের ওপর আছে, সে কারণে এটা হয়েছে। সরকার বিএসসির বহর বড় করার চেষ্টা করছে। সরকার অনুমোদন করলেই চারটি জাহাজের বিষয়ে আমরা চুক্তি সই করব। ‘শিপিং কর্পোরেশনের নিজস্ব টাকায় দুটো বাল্ক ক্যারিয়ার কিনছে। এ জন্য জাপানের দুটো জাহাজের বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে। বিএসসির ওপরে আস্থা রাখুন।