রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল বেলা ১টার দিকে কলেজের শহীদ মামুন হলে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সংঘর্ষ চলাকালে শহীদ মামুন হলের বিভিন্ন অংশে ব্যাপক ভাংচুর চালানো হয়। এতে হলের জানালা, দরজা ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। ছাত্রদলের একটি পক্ষ বহিরাগত লোকজন এনে হলে অবস্থানরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হন। তাদের দ্রুত আশপাশের হাসপাতালে নেয়া হয়েছে।
এ ঘটনায় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফ মোল্লা, শিহাব উদ্দিন সিয়াম ও জিহাদ হাওলাদারের সাংগঠনিক পদ স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রদল। এছাড়া যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম নাহিদ ও জলিল আদিককে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।










