সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এক ইন্টার্ন চিকিৎসককে শ্লীলতাহানি ও দুই শিক্ষার্থীকে মারধর মামলার আসামি মো. আব্দুল্লাহ আদালতে আত্মসমর্পণ করেছেন। আজ সোমবার সকালে আদালতে তিনি আত্মসমর্পণ করেন।
এর আগে দুই মামলায় আরো তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি চার আসামি এখনো গ্রেফতার হয়নি।
দুই শিক্ষার্থীর ওপর হামলা ও দায়িত্ব পালনকালে এক নারী ইন্টার্ন চিকিৎসক লাঞ্ছিত করার প্রতিবাদে গত সোমবার রাত থেকে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। তারা হাসপাতালের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে ধর্মঘটের ডাক দিয়ে তাদের সঙ্গে যোগ দেন ইন্টার্ন চিকিৎসকরা। আন্দোলনের তৃতীয় দিন মূল আসামি গ্রেফতার হলে আন্দোলন স্থগিত করা হয়। এতে হাসপাতালের রোগীদের চিকিৎসা সেবা ব্যাহত হয়।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী জানান, আব্দুল্লাহর আদালতে আত্মসমর্পণ করেছে বলে আদালত থেকে জানতে পেরেছেন। এ নিয়ে চারজন আসামি আইনের আওতায় এসেছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।










