কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) থানা স্থানান্তরের প্রতিবাদে এলাকাবাসী ও শিক্ষার্থীরা কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করেছেন। আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মেইন গেট এলাকায় অবরোধ চলে। এ সময় বিক্ষোভকারীরা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
অবরোধকারীদের দাবি, ইসলামী বিশ্ববিদ্যালয় থানা ঝাউদিয়ায় স্থানান্তরের সিদ্ধান্ত বাতিল করতে হবে। বিক্ষোভে বিশ্ববিদ্যালয়ের পাশের বিত্তিপাড়া, হরিনারায়নপুর, লক্ষ্মীপুর, মধুপুর, আবদালপুর ও শান্তিডাঙ্গাসহ বিভিন্ন এলাকার মানুষ অংশ নেন।
সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে বিক্ষোভকারীরা ক্যাম্পাসের সামনে জড়ো হন। দুপুর ১২টার দিকে তারা মহাসড়কে আগুন জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেন। শিক্ষার্থীরাও এতে যোগ দেন। পরে শনিবার বেলা ২টার দিকে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানা বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক বলেন, আমাদের দাবি ন্যায্য। ইবি থেকে থানা স্থানান্তরের সিদ্ধান্ত বাতিল না করা পর্যন্ত আমরা অবরোধ প্রত্যাহার করব না। জেলা পুলিশ এসে সিদ্ধান্ত বাতিলের কথা না জানানো পর্যন্ত আমরা সড়ক ছাড়ব না।
কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান বলেন, পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
২০২৩ সালের ৯ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় থানাকে ঝাউদিয়া এলাকায় স্থানান্তর করে ‘ঝাউদিয়া থানা’ নামকরণের নির্দেশনা দেয়া হয়। পাশাপাশি ঝাউদিয়া পুলিশ ক্যাম্পকে ইবি ক্যাম্পাসে স্থানান্তর করে ‘ইসলামী বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্প’ করা হয়।
এর আগে ৪ ফেব্রুয়ারি এলাকাবাসী ইসলামী বিশ্ববিদ্যালয় থানা দ্রুত ঝাউদিয়ায় স্থানান্তরের দাবিতে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করেন। সেদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।










