রাজনীতিবিদদের এক একজনের কথা যদি এক এক রকম হয়, তা হলে ফ্যাসিবাদ সুযোগ পেয়ে যায়। এজন্য ফ্যাসিবাদ যেন সুযোগ না পায়, ঐক্যের মধ্যে যেন কোনো ফাটল না ধরাতে পারে, সে জন্য জামায়াতে ইসলামীর যেমন দায়িত্ব আছে তেমনি বিএনপিরও দায়িত্ব আছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর হাসপাতাল রোডে লক্ষ্মীপুর থানা তন্তুবায় সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপি নেতা এ্যানি জামায়াতে ইসলামকে উদ্দেশ্য করে বলেন, ‘আমরা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি, যুগপথ আন্দোলন করেছি। অথচ আজকে নানাজন নানা জায়গা থেকে অনেক বক্তব্য দিতে চান, অনেক কথা বলতে চান, কথাগুলো অনেকে পরিষ্কার করেন না। জামায়াতে ইসলামীর নেতারা এক এক সময় এক এক কথা বলেন। এটা নিজেদের রাজনীতিক অবস্থানকে হয়তো আরেকটু সুদৃঢ় করার জন্য বলেন, কিন্তু প্রকৃতপক্ষে আমরা সবাই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। একসঙ্গে জেল-নির্যাতন-জুলুম সহ্য করেছি, গুমের শিকার হয়েছি। আমরা দেশের মানুষকে অভয় দিতে চাই। আমাদের ঐক্যে যেন ফাটল না আসে।’

তিনি রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলেন, ‘আপনার আদর্শভিত্তিক আপনি রাজনীতি করবেন, আমার আদর্শভিত্তিক আমি রাজনীতি করবো। কিন্তু ফ্যাসিবাদকে আনার জন্য রাজনীতি করা যাবে না। কর্তৃত্ববাদকে আবার কর্তৃত্ব করার সুযোগ দেয়া যাবে না। এ চিন্তাচেতনা থেকে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য তারেক রহমান বার বার কথা বলছেন। ২০১৮ সাল থেকে সুদূর লন্ডনে বসে বিএনপিকে ক্ষমতায় আনার জন্য তারেক রহমান রাজনীতি করেন নি। দেশের পক্ষে জনগণের জন্য রাজনীতি করেছেন, এমনকি সকল দলগুলোকে একত্রিত করার প্রচেষ্ঠা চালিয়েছেন।’

লক্ষ্মীপুর তন্তুবায় সমবায় সমিতির সভাপতি ও জেলা বিএনপির সদস্য সচিব সাহাবউদ্দিন সাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী মো. ফারুক হোসেন নুরনবী, লক্ষ্মীপুর চেম্বার অব কমার্সের সভাপতি ও জাতীয় পার্টির নেতা এম আর মাসুদ, সদর উপজেলা বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, লক্ষ্মীপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ অনেকে।