বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত-সংক্রান্ত বিষয়ে সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত কিছু সংবাদকে নিজেদের আনুষ্ঠানিক অবস্থান নয় বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি জানায়, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে সিআইডির কর্মকর্তাদের বরাতে খসড়া চার্জশিট বিষয়ে যে তথ্য তুলে ধরা হয়েছে, তা সিআইডির কোনো কর্মকর্তা কোনো গণমাধ্যমকে প্রদান করেননি।

এ কারণে ওইসব বক্তব্যকে সিআইডির আনুষ্ঠানিক অবস্থান হিসেবে গণ্য না করার জন্য অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলাটি এখনো তদন্তাধীন রয়েছে। তদন্তের স্বার্থে এ পর্যায়ে মামলার বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয়। তদন্ত সম্পন্ন হওয়ার পর আদালতে প্রতিবেদন দাখিল করা হবে এবং এর পর সিআইডি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে হালনাগাদ তথ্য গণমাধ্যমকে জানাবে।

সিআইডি আরো জানিয়েছে, মামলাসংক্রান্ত সংবাদ প্রকাশের ক্ষেত্রে গণমাধ্যম যেন শুধুমাত্র সিআইডির আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তি বা মুখপাত্রের বক্তব্য অনুসরণ করে।

সংস্থাটি বলেছে, পেশাদারত্ব ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থেকে মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রাখা হবে।

প্রেস বিজ্ঞপ্তিতে সই করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।