চতুর্থ ধাপে লক্ষ্মীপুর সদর উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ, বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৯৯ জন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে ১৬৭ ও সাধারণ সদস্য পদে ৭৮০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। 

শুক্রবার সদর উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা স্বপন কুমার ভৌমিক এসব তথ্য নিশ্চিত করেন।

সূত্র জানায়, তফসিল অনুযায়ী মনোয়নপত্র জমাদানের শেষদিন বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থী ও সমর্থকরা মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহনে শোডাউন করে নির্বাচন অফিস ও উপজেলা অফিসে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন জমা দেন।

এ পর্বে সদর উপজেলার ১৫ টির প্রায় সবকটিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের সাথে মনোনয়ন বঞ্চিত একাধিক নেতা বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে শুধু ভবানীগঞ্জ ইউনিয়নেই ১০ জন বিদ্রোহী মনোনয়ন জমা দিয়েছেন। 

স্বপন কুমার ভৌমিক জানান, মনোনয়পত্র বাছাই করা হবে আগামী ২৯ নভেম্বর এবং আপিল করা যাবে ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি করা হবে ৩ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৭ ডিসেম্বর। আগামী ২৬ ডিসেম্বর  ভোটগ্রহণের মাধ্যমে চতুর্থ ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।