অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অবসরপ্রাপ্ত কর্মকর্তা পরিষদের উদ্যোগে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার ঈদ পুনর্মিলনী বাস্তবায়ন কমিটির সভাপতি সৈয়দ আফরোজ আনোয়ারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য দেন সংগঠনের সভাপতি শফিউল আজম। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন খান সংগঠনের সারা বছরের কার্যক্রম তুলে ধরে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক খোন্দকার আবিদ আহম্মেদ।

সভায় অংশ নেয়া অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা আসন্ন নবম বেতন কমিশনে পেনশনভোগীদের জন্য কয়েকটি দাবি উত্থাপন করেন। দাবির মধ্যে রয়েছে— মাসিক পেনশন ১০০ শতাংশ বৃদ্ধি করে সর্বনিম্ন ২০ হাজার টাকা নির্ধারণ, পেনশনের ৫০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা প্রদান এবং চিকিৎসা ভাতা ১০ হাজার টাকা ও ৬৫ বছরোর্ধ্ব পেনশনভোগীদের জন্য ১৫ হাজার টাকা নির্ধারণ। এসব সুবিধা ধাপে ধাপে নয়, একযোগে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকরের দাবি জানানো হয়।

এছাড়া সভা থেকে অডিটর পদকে ১০ম গ্রেডে উন্নীতকরণ, দীর্ঘদিন ধরে অনিষ্পন্ন থাকা ৭৮২ জনের পেনশন মামলা দ্রুত নিষ্পত্তি এবং কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য পাওনাসংক্রান্ত ঝুলে থাকা মামলাগুলোর দ্রুত সমাধানের জন্য সিঅ্যান্ডএজি ও সিজিএ মহোদয়ের প্রতি অনুরোধ জানানো হয়।

সভায় অডিট ও অ্যাকাউন্টস বিভাগের অবসরপ্রাপ্ত সদস্যদের চিত্তবিনোদন, পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং একাকিত্ব দূরীকরণের লক্ষ্যে অ্যাসোসিয়েশনের ‘‌এসো দেশ দেখি, মানুষের কথা বলি’ কর্মসূচির আওতায় দেশ-বিদেশে ভ্রমণ কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অডিট ও অ্যাকাউন্টস বিভাগের প্রয়াত কর্মকর্তা-কর্মচারীদের রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত শেষে উপস্থিত সদস্যদের মধ্যাহ্নভোজে পরিবেশন করা হয় এবং অংশগ্রহণকারীদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

-সংবাদ বিজ্ঞপ্তি