কক্সবাজারের উখিয়ায় ৬০ হাজার ইয়াবাসহ যুবদল নেতা তাজ উদ্দিনকে আটক করেছে উখিয়া থানা পুলিশ। গতকাল সকালে তাকে উপজেলার কুতুপালংয়ের কচুবুনিয়ার রাস্তার মাথা এলাকা থেকে আটক করা হয়। তাজ উদ্দিন হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যাপালং এলাকার মৃত চেহের আলীর ছেলে। তিনি হলদিয়াপালং ইউনিয়ন (উত্তর শাখা) যুবদলের আহ্বায়ক ও পাগলির বিল পানি ব্যবস্থাপনা কমিটির অর্থ সম্পাদক বলে জানা গেছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সঞ্জুর মোরশেদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল উখিয়া থানা পুলিশের একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে ৬০ হাজার ইয়াবাসহ তাকে আটক করে। আটককৃত তাজ উদ্দিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হবে।









