যশোরে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী জেলা সাহিত্য মেলা। বাংলা একাডেমির তত্ত্বাবধানে জেলা প্রশাসনের আয়োজনে আগামীকাল ও বৃহস্পতিবার এ মেলা অনুষ্ঠিত হবে। অথচ জেলার অনেক কবি-সাহিত্যিক এ মেলার খবর জানেন না। অভিযোগ উঠেছে, স্থানীয় কমিটি নিজেদের খেয়ালখুশিতে ও পছন্দের লেখকদের নিয়ে মেলার এ আয়োজন চলছে। এদিকে লেখা নিয়ে সংকলন প্রকাশের কথা থাকলেও এ-সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি দেয়া হয়নি।

অভিযোগে জানা গিয়েছে, মেলায় অংশগ্রহণের জন্য জেলার কবি-সাহিত্যিকদের ফরম পূরণ করতে হচ্ছে, কিন্তু অনেক লেখক, কবি, সাহিত্যিক এ ফরমের কথা জানেন না। পছন্দের বাইরে কাউকে ফরমের কথা বলা হয়নি। অন্যদিকে যশোর জেলার ওপরে প্রবন্ধ পাঠ ও সংকলন প্রকাশের কথা থাকলেও করা হয়নি লেখা আহ্বান।

কবি তহীদ মনি বলেন, ‘যশোরের কবি-সাহিত্যিকরা অধিকাংশই জানেন না কারা কীভাবে এ মেলায় যুক্ত হয়েছে বা হচ্ছে। আসলে কোনো বাছাই প্রক্রিয়াই হয়নি। মুখচেনা, ঘনিষ্ঠ আর আজ্ঞাবহদের যুক্ত করে এ মেলার আয়োজন করা হচ্ছে।’

এ ব্যাপারে মেলা কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ মনোয়ার হোসেন বলেন, ‘আমি তো বাড়ি বাড়ি গিয়ে সবাইকে জানাতে পারব না। সভা করে কমিটি করা হয়েছে। ওয়েবসাইটে ফরম আছে। উপজেলাগুলোয় ফরম পাঠানো হয়েছে। যারা আগ্রহী তারা জেনেছেন এবং ফরম পূরণ করছেন।’

বাংলা একাডেমির জেলা সাহিত্য মেলার সমন্বয়কারী সাইমন জাকারিয়া বলেন, ‘সাহিত্য মেলা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে হচ্ছে।’