পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) পদ থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) হয়েছেন পাঁচ কর্মকর্তা। পৃথক আরেক প্রজ্ঞাপনে পুলিশের দুই কর্মকর্তাকে গ্রেড-১ পদমর্যাদা দেয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ পদোন্নতির তথ্য জানানো হয়। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন— সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, এনএসআই পরিচালক (ডিআইজি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোসেন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ফারুক আহমেদ ও ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী গ্রেড-২ সুবিধা পাবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।
গ্রেড-১ পদমর্যাদাপ্রাপ্তরা হলেন— হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মো. দেলোয়ার হোসেন মিঞা ও পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি এ কে এম আওলাদ হোসেন। এরমধ্যে দেলোয়ার হোসেন মিঞা বিসিএস পুলিশ ক্যাডারের ১২তম ব্যাচের ও আওলাদ হোসেন ১৫তম ব্যাচের কর্মকর্তা।










