খুলনায় রাষ্ট্রায়ত্ত সাতটি পাটকলে অবসরপ্রাপ্ত, অবসায়নকৃত ও বদলি শ্রমিকদের ১ হাজার ৬৭৭ কোটি টাকা পাওনা রয়েছে। শ্রমিকদের এ পাওনা ১৯ অক্টোবর সোমবার দেয়া শুরু হবে। যদিও এর আগে পাওনা পরিশোধের জন্য ১৮ অক্টোবর (আজ) দিন নির্ধারণ করা হয়।

বিজেএমসির আঞ্চলিক সমন্বয়কারী ও প্লাটিনাম জুট মিলের প্রকল্প প্রধান মো. গোলাম রব্বানী জানান, অডিট রিপোর্ট অনুযায়ী প্রাথমিক হিসাবে শ্রমিকদের পাওনা ১ হাজার ৬৭৭ কোটি টাকা। শ্রমিকদের নির্ভুলভাবে পাওনা পরিশোধ করা হবে।

তিনি বলেন, পাওনা পরিশোধ শুরুর জন্য প্রাথমিক তারিখ নির্ধারণ ছিল ১৮ অক্টোবর। পরবর্তী সময়ে একদিন পিছিয়ে ১৯ অক্টোবর নির্ধারণ করা হয়। ওইদিন প্লাটিনাম জুট মিলের ৩০ জন শ্রমিককে পাওনা প্রদান করা হবে। এর মধ্য দিয়ে খুলনা জোনের পাটকল শ্রমিকদের চূড়ান্ত পাওনা পরিশোধের আনুষ্ঠানিকতা শুরু হবে।