কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপে টানা জালে ধরা পড়েছে ১৫০ কেজি ওজনের একটি ভোল মাছ। গতকাল সকাল ৯টার দিকে সেন্ট মার্টিনের উত্তর সৈকতে হোটেল প্রাসাদ প্যারাডাইস পয়েন্টে স্থানীয় বাসিন্দা রশিদ মাঝির জালে মাছটি ধরা পড়ে। পরে মাছটি হাতবদল হয়ে ১ লাখ ৯০ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়েছে বলে জানান রশিদ মাঝি।

সেন্ট মার্টিন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আকতার কামাল বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে সেন্ট মার্টিন প্রাসাদ প্যারাডাইস পয়েন্টে জেলেরা টানা জাল পাতেন সাগরে। ঘণ্টাখানেক পর কয়েক দফা জাল টানার চেষ্টা করেন জেলেরা। এমন সময় ছোট মাছের সঙ্গে এ বড় মাছটি জালে আটকে যায়। পরে জেলেরা সাগর থেকে বড় মাছটি রশি বেঁধে টেনে ডাঙায় তোলেন।

জালের মালিক রশিদ মাঝি জানান, সকালে আমার টানা জালে প্রায় ১৫০ কেজি ওজনের ভোল মাছ আটকা পড়েছে। মাছটি সেন্ট মার্টিন জেটি ঘাটে এনে দাম হাঁকানো হয়েছিল ১ লাখ ৭০ হাজার টাকা। পরে স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ ইসমাঈলের কাছে ১ লাখ ২০ হাজার টাকায় বিক্রি করেছি। এরপর তিনি এক লাখ ৪০ হাজার টাকায় হাতবদল করেন। সবশেষ টেকনাফে ১ লাখ ৯০ হাজার টাকায় বিক্রি হয়েছে। টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, সেন্ট মার্টিন দ্বীপের এক জেলের জালে ১৫০ কেজি ওজনের একটি বিশাল মাছ ধরা পড়ার খবর শুনেছি।