নাশকতার অভিযোগে বিস্ফোরক আইনের মামলায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছয় নেতার জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠিয়েছেন আদালত৷ আজ সোমবার (১৫ মে) জেলা ও দায়রা জজ আস শামস্ জগলুল হোসেন এ আদেশ দেন৷

তবে একই মামলায় আদালত ২১ জনকে জামিন দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান৷

কারাগারে পাঠানো নেতারা হলেন— সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সোনারগাঁ পৌর বিএনপির সভাপতি মো. শাহজাহান মেম্বার, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, পৌর ছাত্রদলের সদস্যসচিব তানজিল ও জামপুর ইউনিয়ন বিএনপি নেতা শাহ্ আলম।

পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান জানান, গত বছরের ডিসেম্বরে সোনারগাঁ থানায় করা নাশকতার অভিযোগে বিস্ফোরক আইনে করা মামলায় ২৭ জন আসামি আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন৷ আদালত ২১ জনের জামিন আবেদন মঞ্জুর করে বাকিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন৷ তারা হাইকোর্ট থেকে আগাম জামিনে ছিলেন৷ কোর্টের আদেশের পর আসামিদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়৷

আসামিপক্ষের আইনজীবী ও মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান বলেন, গত বছর ১০ ডিসেম্বরে বিএনপির সমাবেশ বানচাল করতে বিএনপি নেতাদের নামে বিভিন্ন থানায় মিথ্যা মামলা দেয়া হয়। সোনারগাঁ থানার এমনই একটি মামলায় আসামিরা হাইকোর্ট থেকে আগাম জামিনে ছিলেন৷ আজ জজ কোর্টে একই মামলায় ২১ জনকে জামিন দেয়া হলেও ৬ জনের জামিন নামঞ্জুর করা হয়। অথচ সবার বিরুদ্ধেই মামলার গ্রাউন্ড ও স্ট্যাটাস একই।