উত্তর হিমালয় থেকে বয়ে আসা হিমশীতল ঠান্ডা বাতাস এবং ঘন কুয়াশায় স্থবির হয়ে পড়েছে পঞ্চগড়সহ উত্তরের জনপদ। বইছে মৃদু শৈত্যপ্রবাহ। গত কয়েক দিন পর তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস থেকে ৯ ডিগ্রির ঘরে নেমে গেছে। ফলে আবারও বেড়েছে শীতের প্রকোপ। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮১ শতাংশ। তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় এ বিষয়টি নিশ্চিত করেন।
পঞ্চগড়ে পৌষ মাসের মাঝামাঝি থেকে কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশায় আবৃত হয়ে পড়েছে চারদিক। এরপর ফাল্গুন মাসের এ সময়েও হাড় কাঁপানো শীতে বিপাকে পড়েছেন এ অঞ্চলের বাসিন্দারা। হালকা বৃষ্টির মতো পড়ছে কুয়াশা। শীতার্তরা তীব্র কষ্টে দিন পার করছেন। দিনমজুর, চা ও পাথর শ্রমিক শ্রেণির মানুষেরা শীতের তীব্রতায় কাজও করতে পারছেন না। ফলে আয় কমেছে তাদের। এসব কারণে এ জেলার শীতার্ত ও ছিন্নমূল মানুষের রাত কাটে এখন অসহনীয় দুর্ভোগে। শীতের একেকটি রাত যেন তাদের কাছে দুঃস্বপ্ন।
এ বিষয়ে তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের সহকারী কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮১ শতাংশ। কয়েক দিন পর আবারও মৃদু শৈত্য প্রবাহ বইছে এ জেলায়। সামনের দিকে তাপমাত্রা আরো কমতে পারে।










