নোয়াখালী সদর উপজেলায় ট্রাক চাপায় বাই সাইকেলে থাকা দুই শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে একজন। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার ১নং চরমটুয়া ইউনিয়নের বৈকণ্ঠপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো, ওই গ্রামের সাদ্দাম হোসেনের ছেলে আরাফাত হোসেন ও তার ফুফাতো বোন আবুল কালামের মেয়ে আছমা আক্তার। তারা দুজন স্থানীয় কোয়ালিটি এডুকেশন নামে একটি কেজি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আছমার বাবা আবুল কালাম আরাফত ও আছমাকে বিদ্যালয়ে দিয়ে আসার জন্য বাইসাইকেলে যাচ্ছিল। পথে পেছন দিক থেকে আসা একটি বালিবাহী ট্রাক তাদের বাইসাইকেলকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই নিহত হয় আরাফত ও আছমা।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় স্থানীয়দের আটক করা একটি বালিবাহী ট্রাক জব্দ করা হয়েছে। নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।










