পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদকের ওপর হামলা, বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায় সিরাজগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আরজুকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বেলা ১১টার দিকে সদর উপজেলার কড্ডার মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আরজু সিরাজগঞ্জ পৌরসভার মিরপুর মহল্লার মৃত হযরত আলীর ছেলে। এছাড়া তিনি জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির সড়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী খবরটি নিশ্চিত করে জানান, পৌর কাউন্সিলর আরজুর বিরুদ্ধে বাড়িঘর ভাংচুর ও মারধরের অভিযোগে দুটি মামলা রয়েছে। এসব মামলায় গতকাল সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
১ এপ্রিল সিরাজগঞ্জ পৌর এলাকার ১৫ নম্বর ওয়ার্ড পঞ্চায়েত কমিটির সাবেক সাধারণ সম্পাদক সাংস্কৃতিক কর্মী আলাউদ্দিন আলার ওপর হামলা, বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগে কাউন্সিলর আরজুসহ তার সহযোগীদের বিরুদ্ধে মামলা করা হয়।
এরপর ৬ এপ্রিল ওই মামলার সাক্ষী শহিদুল ইসলামকে রাতের অন্ধকারে কুপিয়ে আহত করার ঘটনায় কাউন্সিলর আরজুসহ তার সহযোগীদের বিরুদ্ধে আরো একটি মামলা করা হয়।










