বিনা লাইসেন্সে ভুয়া চিকিৎসক দিয়ে প্রতিষ্ঠান পরিচালনার অভিযোগে বেনাপোলের সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ওই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা এ আদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার অবৈধ ও নানা অব্যবস্থাপনার মাধ্যমে ব্যবসা করে আসছিল। এ প্রতিষ্ঠানে দক্ষ প্যাথলজিস্ট, পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জামাদি ও চিকিৎসক নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে গতকাল একটি টিম আকস্মিক পরিদর্শনে গিয়ে ওই প্রতিষ্ঠানটি সিলগালা করে ১ লাখ টাকা জরিমানা করেন।
এ সময় শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. ইউসুফ আলী, বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।










