গণতন্ত্র পুনরুদ্ধারে সব দলকে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে। জুলাই সনদে স্বাক্ষরকারী দলগুলোর ঐক্যের মাধ্যমে আমরা একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে চাই। গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।’
গতকাল রাজধানীর শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্তের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘গণতন্ত্রকামী শক্তিগুলোর ওপর ফ্যাসিবাদী সরকারের দমন-পীড়নের কথা জাতি ভুলে যায়নি। জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, মীর কাসেম আলী, কামারুজ্জামান, সালাউদ্দিন কাদের চৌধুরীসহ বহু আলেমকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেয়া হয়েছে, এগুলো জাতির ইতিহাসে কলঙ্কজনক অধ্যায়।’
তিনি বলেন, ‘বিএনপির ২০ হাজারের ওপর মানুষকে হত্যা করা হয়েছে। ইলিয়াস আলীসহ প্রায় ১ হাজার ৭০০ নেতাকর্মীকে গুম করা হয়েছে।’
ফখরুল আরো বলেন, ‘বিগত স্বৈরাচারী শাসনামলে নয়া দিগন্ত পত্রিকার সাংবাদিকদের ওপর ভয়াবহ দমন-পীড়ন চালানো হয়েছে। তবুও তারা গণমানুষের চেতনা ও সত্যের সংবাদ প্রচারে অটল ছিলেন। বিএনপি মহাসচিব হিসেবে আমি তাদের এ সাহসিকতা ও পেশাদারত্বের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
বাকশাল যুগের স্মৃতিচারণ করে মির্জা ফখরুল বলেন, ‘১৯৭৫ সালের বাকশাল শাসনের সময় সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নেয়া হয়েছিল। তখন অনেক সাংবাদিক বেকার হয়ে রাস্তায় হকারি করেছেন। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে আনেন এবং বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন।’
গণতন্ত্রের সংগ্রাম প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘দেশবাসী একটি স্বাধীন ও গণতান্ত্রিক বাংলাদেশ চায়, যে বাংলাদেশ কোনো বিদেশী শক্তির নিয়ন্ত্রণে নয়, বরং জনগণের ইচ্ছায় পরিচালিত হবে। নয়া দিগন্ত সেই লক্ষ্যেই গণমানুষের কণ্ঠস্বর হয়ে কাজ করে যাচ্ছে।’










