যশোর-খুলনা মহাসড়কের গোপালপুর নামক স্থানে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে আগুন ধরে মোটরসাইকেলের এক আরোহী অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। এ ঘটনায় গুরুতর আহতাবস্থায় যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন মোটরসাইকেলের অন্য যাত্রী। গতকাল বিকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী বিজিবি সদস্য মেহেদী হাসান (২৯) খুলনা শহরের সোনাডাঙার হাবিবুর রহমানের ছেলে। আহত আরেক মোটরসাইকেল আরোহীর পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যশোরের গোপালপুরে খুলনাগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ সময় মোটরসাইকেলটি হানিফ পরিবহনের নিচে আটকে যায়। পরিবহনের চালক মোটরসাইকেলটি টেনেহিঁচড়ে খুলনার দিকে প্রায় ১ কিলোমিটার দূরে চাউলিয়া গেট নামক স্থানে নিয়ে এলে বাস ও মোটরসাইকেলে আগুন ধরে যায়। এ সময় মোটরসাইকেল চালক বিজিবি সদস্য মেহেদী হাসান আগুনে পুড়ে মারা যান। তার সঙ্গে থাকা আরেক আরোহী অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন। পুলিশ জানিয়েছে, নিহত বিজিবি সদস্য মেহেদী দুদিনের শেষে ছুটি শেষে চুয়াডাঙ্গায় নিজ কর্মস্থলে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। হানিফ পরিবহনের ওই বাসে কোনো যাত্রী ছিল না। ঘটনার পর দমকলকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকে পড়লে ব্যাপক যানজট সৃষ্টি হয়।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) শফিকুল আলম চৌধুরী জানান, নিহত বিজিবির সদস্যের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।
গুরুতর আহতাবস্থায় অন্য এক মোটরসাইকেল আরোহী যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তবে বাসচালক পলাতক রয়েছেন।










