জমিজমা সংক্রান্ত বিরোধে আহম্মেদ হোসেন (৪৫) নামক এক ব্যক্তিকে ধারালো অস্ত্রাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন। রোববার (২২ ডিসেম্বর) রাত ৯টার দিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রামদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

রামদিয়া গ্রামের বাসিন্দারা জানান, আলমডাঙ্গা উপজেলার রামদিয়া গ্রামে দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধে আনসার আলী গং এবং গোলাম সরোয়ার মিঠু গংয়ের মধ্যে চরম শত্রুতা চলছিল। এ বিরোধ শেষ পর্যন্ত হত্যাকাণ্ডের রূপ নিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার (২২ ডিসেম্বর) রাত ৯টার দিকে রামদিয়া গ্রামের মাঝেরপাড়া পুরাতন মসজিদের সামনে দুপক্ষের প্রকাশ্য বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে এক পক্ষ আরেক পক্ষের ওপর চড়াও হয়ে ধারালো অস্ত্র ব্যবহার করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় রামদিয়া গ্রামের মরহুম বিসারত হোসেনের ছেলে আহম্মেদ হোসেনকে আনসার আলী গংয়ের লোকজন মাথায় ধারালো দা দিয়ে আঘাত করে। রক্তাক্ত জখম অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার আরো অবনতি হলে তাকে নিয়ে কুষ্টিয়ার উদ্দেশে রওনা দিলে পথেই তার মৃত্যু হয়।

দীর্ঘদিন যাবৎ আনসার আলী গং এবং গোলাম সরোয়ার মিঠু গংয়ের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। মিঠু গংয়ের সমর্থক ছিলেন নিহত আহম্মেদ হোসেন। আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছিল বলে জানা যায়।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, ঘটনার পর পরই আমরা অপরাধী ধরতে অভিযান শুরু করেছি। মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।

আজ সোমবার (২৩ ডিসেম্বর) মরদেহের ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানোর কথা রয়েছে।