টানা কয়েক দিনের তাপপ্রবাহ ও ভ্যাপসা গরমের নাজেহাল হয়ে পড়েছিল রাজধানীরবাসী। যেন প্রাণ ওষ্ঠাগত হবার মতো অবস্থা। এমন পরিস্থিতে নগরবাসীর মনে স্বস্তি ফিরিয়ে এনেছে এক পশলা বৃষ্টি।
শুক্রবার (২২ মে) ছুটির দিন দুপুরে ঢাকার মিরপুর, শান্তিনগর, মতিঝিল, কাকরাইল, মালিবাগ, কলাবাগান, পান্থপথ ও গ্রীন রোডসহ বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির খবর পাওয়া গেছে। এতে একদিকে যেমন দিনের তাপমাত্রা কিছুটা কমেছে, তেমনি সাময়িক মুক্তি মিলেছে অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ কারণে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়ছে।
শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।










