নারায়ণগঞ্জের আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শাহাদাতকে (৩৮) ১৯ বছর পলাতক থাকার পর গাজীপুরের শ্রীপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। নারায়ণগঞ্জ সদর মডেল থানার আলীরটেক এলাকায় এক শিশুকে (১০) সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তাকে মৃত্যুদণ্ড দেন আদালত। গ্রেফতার শাহাদাত নারায়ণগঞ্জ সদর থানার আলীরটেক এলাকার শুকুর আলীর ছেলে। গতকাল দুপুরে র‌্যাব-১১-এর মিডিয়া অফিসার এএসপি রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপিতে এ তথ্য জানান। এর আগে শুক্রবার রাতে শাহাদাতকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া গত ২৩ অক্টোবর একই মামলার প্রধান আসামি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সুজনকেও গ্রেফতার করেন র‌্যাব সদস্যরা।

র‌্যাব জানায়, ২০০৩ সালের ১৩ জানুয়ারি সন্ধ্যায় আলীরটেক এলাকার আলী আকবরের ১০ বছরের এক মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা করা হয়েছে। পরে শিশুটির মরদেহ সরিষা খেত থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহত শিশুর ভাই বাদী হয়ে সদর মডেল থানায় মামলা করেন। এদিকে দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে ১১ জুন, ২০১৮ নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মামলার পলাতক চার আসামিকে ধর্ষণ ও হত্যার দায়ে মৃত্যুদণ্ডের  আদেশ দেন। গ্রেফতারকৃত শাহাদাত ঘটনার পরই ফতুল্লার কাশিপুরে ফুফুর বাড়িতে আত্মগোপন করেন। এরপর ২০০৬ সালে তিনি কাতার চলে যান। চার বছর পর শাহাদাত দেশে ফিরে আসেন। পরে শাহাদাত গাজীপুরের শ্রীপুরে চলে যান। গ্রেফতার এড়াতে সাত-আট বছর ধরে সেখানে রাজমিস্ত্রীর কাজ করে জীবিকা নির্বাহ করতে থাকেন।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামি শাহাদাতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। পলাতক অন্য দুই আসামিকেও আইনের আওতায় নিয়ে আসতে অভিযান অব্যাহত রয়েছে।