মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির প্রভাব মোকাবেলায় এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) দ্রুত ও সময়োপযোগী অর্থনৈতিক সহায়তা বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

আজ রোববার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও এডিবির মধ্যে দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, বহুপক্ষীয় উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর মধ্যে এডিবির দ্রুত সহযোগিতা প্রশংসনীয়। বৈশ্বিক অনিশ্চয়তার এ সময়ে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা, সামাজিক সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে এ সহায়তা গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

চুক্তির আওতায় চারটি প্রকল্পে মোট ১ দশমিক ৪ বিলিয়ন ডলার অর্থায়ন নিশ্চিত করা হয়েছে। প্রকল্পগুলো হলো—স্ট্রেনদেনিং ইকোনমিক ম্যানেজমেন্ট অ্যান্ড গভর্ন্যান্স প্রোগ্রাম (সাবপ্রোগ্রাম-২), সেকেন্ড স্ট্রেনদেনিং সোশ্যাল রেজিলিয়েন্স প্রোগ্রাম (সাবপ্রোগ্রাম-২), সাউথ এশিয়া সাবরিজিওনাল ইকোনমিক কোঅপারেশন (সাসেক) ঢাকা-সিলেট করিডোর সড়ক প্রকল্প এবং নারায়ণগঞ্জ গ্রিন অ্যান্ড রেজিলিয়েন্ট আরবান ডেভেলপমেন্ট প্রকল্প।

অনুষ্ঠানে এডিবির প্রেসিডেন্ট ও উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে অর্থমন্ত্রী বলেন, আগামীকাল এডিবি প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে ‘ন্যাশনওয়াইড ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রজেক্ট’ বিষয়ে ঘোষণা আসতে পারে।

তিনি বলেন, দীর্ঘমেয়াদি এ প্রকল্প বর্তমান সরকারের নির্বাচনী ইশতাহার ও জাতীয় উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এর মাধ্যমে দেশের মানুষের জীবনমান উন্নয়ন এবং সমন্বিত অবকাঠামোগত অগ্রগতিতে নতুন গতি সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ সরকার ও এডিবির দীর্ঘদিনের অংশীদারত্ব ভবিষ্যতে দেশের টেকসই অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে আরো শক্তিশালী ভূমিকা রাখবে বলেও অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করেন অর্থমন্ত্রী।